ভারতের কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনায় হোটেলের মালিক (লিজ হোল্ডার) আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজার ও এক কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার গভীর রাতে তাদেরকে আটক ও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
এ ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, কলকাতার নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্ত করা গেছে। এদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য।