জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারে যারা আছেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আগের সরকারের দোষ দেখিয়ে বর্তমান সরকার দায়িত্ব এড়াতে পারে না।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘দক্ষিণায়ন’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। বিচার হবে না—এমন ধারণা থেকেই অপরাধীরা অন্যায় করার সাহস পাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
বিদ্যুৎ, গ্যাস ও পানি সংকটের কথাও তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। পাশাপাশি দ্রব্যমূল্য ও ব্যাংকিং খাতের নানা সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকার সফল হোক, এটা তারা চান। তবে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাধারণ মানুষ যাতে খেয়ে-পরে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সরকারকে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।
সভাপতির বক্তব্যে রুহুল আমিন হাওলাদার বলেন, গণতন্ত্রকে কার্যকর ও অর্থবহ করতে শুধু সরকার নয়, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের কথা বলার সুযোগ, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
দেশের স্বার্থকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন রুহুল আমিন হাওলাদার।
অনুষ্ঠানে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা ও সুনীল শুভ রায় উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা সরদার মো. শাহজাহান, ইয়াহইয়া চৌধুরী, শেখ মাতলুব হোসেন লিয়ন ও নাজনীন সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
চেয়ারম্যানের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান সরফুদ্দিন আহমেদ শিবু ও সেকান্দার আলী সেরনিয়াবাত, সম্পাদকমণ্ডলীর সদস্য এবং যুগ্ম সম্পাদকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।