জাতিসংঘের বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিবেদনটি এখনো তিনি পড়েননি, তবে শুনেছেন। ফলে বিস্তারিত না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী আরও উন্নতির জন্য সময় লাগবে। আমাদের সরকার মাত্র ছয় মাস পার করেছে। এর মধ্যে আমরা অনেক সংস্কারমূলক কাজ করেছি।’
জ্বালানি সংকট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহে সংকট তৈরি হয়েছিল। বাংলাদেশও এর বাইরে ছিল না। তবে প্রায় এক মাস পর্যন্ত দেশে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়নি। পরে সহনীয় মাত্রায় জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, গ্যাস ও জ্বালানি সংকট দীর্ঘদিনের এবং আগের সরকারের সময় থেকে এসব সমস্যা চলে আসছে। ‘আমরা রাতারাতি এখান থেকে উত্তরণ করতে পারিনি,’ বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগের সরকারের সময়ে গ্যাসের চাহিদা পূরণে আমদানিনির্ভরতা বেড়েছিল। এ নির্ভরতা কমাতে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকায় নতুন গ্যাসের অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশের নিজস্ব গ্যাস উৎপাদনের মাধ্যমে সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার একটি সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের (একিউআইএস) কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনার কথা বলা হয়েছে।