জার্মান বুন্দেসলিগায় বরাবরই একচ্ছত্র দাপট বায়ার্ন মিউনিখের। সেই আধিপত্য আরও এক ধাপ এগিয়ে নেওয়ার মিশনে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই তারা পেল বড় জয়।
লিগের ম্যাচে শুক্রবার রাতে স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। দলের জয়ে একটি করে গোল করেন মাইকেল ওলিসে, দায়োত উপামেকানো, অ্যালেক্সান্ডার পাওলোভিচ ও লুইস দিয়াজ।
স্টুটগার্টের জশ ভ্যাগনোমানের জন্য ম্যাচটি ছিল মিশ্র অভিজ্ঞতার। কারণ মাত্র ৭ মিনিটের মধ্যে দুই জালেই গোল করেছেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার।
ম্যাচের ২১ মিনিটে প্রথম গোল করে বায়ার্ন। জশুয়া কিমিচের কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন উপামেকানো।
প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর ফিরে ৫২তম মিনিটে ম্যাচে সমতা ফিরিয়ে দেন ভ্যাগনোম্যান।
তিন মিনিটের মধ্যে কিমিচের আরেকটি অ্যাসিস্টে লিড পুনরুদ্ধার করে বায়ার্ন। অভিজ্ঞ মিডফিল্ডারের দারুণ থ্রু বল ধরে চমৎকার ফিনিশিংয়ে গোলটি করেন ওলিসে।
ম্যাচের ৫৮ মিনিটের মাথায় বায়ার্নকে একটি গোল উপহার দেন ভ্যাগনোম্যান। আলফন্সো ডেভিসের একটি ক্রস ক্লিয়ার করার চেষ্টা পড়ে গিয়ে উল্টো বল নিজেদের জালে পাঠান তিনি।
এরপর চতুর্থ গোলের জন্য বেশ কিছুক্ষণের অপেক্ষা বায়ার্নের। ম্যাচের ৮২ মিনিটে বদলি নামা ইসমাইল সাইবারির পাস থেকে বল জালে পাঠান পাওলোভিচ।
ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার পর ইনজুরি টাইমে সাইবারির আরেকটি অ্যাসিস্ট থেকে দলের পঞ্চম ও নিজের প্রথম গোলটি করেন দিয়াজ।